
বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়ে প্রায়ই খবরে আসেন টলিউড অভিনেতারা। তবে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রয়েছেন যারা অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত ঘটনায় আলোচনায় আসেন। এ তালিকায় অনেক নির্মাতাও রয়েছেন।
প্রেমের হাওয়ার পাল তোলে যেমন তারা আনন্দে ভেসেছেন তেমনি বিচ্ছেদের ঘটনাতেও বিমর্ষ সময় কাটিয়েছেন। টলিউডের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতার প্রেমের বিচ্ছেদের ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
জিৎ-স্বস্তিকা : টলিউডের জনপ্রিয় মুখ স্বস্তিকা মুখার্জি ও জিৎ গাঙ্গুলি। চলচ্চিত্রাঙ্গনে পা রেখেই জিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলন স্বস্তিকা। জিৎ তখন অনেকটাই প্রতিষ্ঠিত। সিনেমার শুটিং সেট থেকে তাদের সম্পর্কের সূত্রপাত। এখন আর তাদের মধ্যে সম্পর্ক নেই। তবে তাদের প্রেমের সম্পর্কের ইতি টানার কারণ জানা যায়নি। শোনা যায়, কোয়েল মল্লিকের কারণেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে।
রাজ-মিমি : টলিউডের গুণী নির্মাতা রাজ চক্রবর্তী। পুরো ইন্ডাস্ট্রি জানিয়ে তিনি জমিয়ে প্রেম করেছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। কিন্তু কিছুদিন আগে সম্পর্কের ইতি টেনেছেন তারা। এখন যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই তা দুজনেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। গুঞ্জন শোনা যায়, তাদের সম্পর্ক ভাঙার কারণ মিমির ‘তুরস্ক’র এক বন্ধু। যদিও এ কথা সত্য নয় বলে জানিয়েছেন মিমি।
দেব-শুভশ্রী : টলিউডের জনপ্রিয় আরেক জুটি দেব-শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’ সিনেমার শুটিং সেট থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের খবর ছড়িয়ে পড়লে দুজনই ভালো বন্ধু বলে জানায়। কিন্তু দুজনেই ডুবে ডুবে বহুদিন জল খেয়েছেন। যদিও এখন তাদের মধ্যে সম্পর্ক নেই। ব্রেকআপের পর দেব বলেছিলেন, ‘শুভশ্রী আমার সবচেয়ে কাছের মানুষ। আর ওর জীবনেও আমি তাই। তবে প্রেমের যে এই পরিণতি হবে, ভাবিনি।’ এ জুটির বিচ্ছেদের পর কেউ কারো মুখ দর্শন করেননি বহুদিন। তবে এখন সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এদিকে শোনা যাচ্ছে, রুক্মীনির সঙ্গে জমিয়ে প্রেম করছেন দেব।
রাজ-পায়েল : রাজ চক্রবর্তীর একাধিক প্রেমের সম্পর্কের মধ্যে পায়েল সরকারের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক অল্প সময়ের। রাজের অনেক সিনেমাতেই কাজ করেছেন পায়েল। তখন পায়েল পরিচালক রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তবে ওই যা হয়, ব্রেকআপের পর পাল্টে যায় সবকিছু। ‘রাজ আর আমি কখনই দুজন দুজনার ছিলাম না। জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। স্মৃতি সময়ের সঙ্গে সঙ্গে মুছে যায়। আমার এখন মনেও পড়ে না। রাজের চ্যাপটার ক্লোজড।’ রাজ-পায়েলের বিচ্ছেদের পর ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন পায়েল।
স্বস্তিকা-পরমব্রত : টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে বহুবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। জিতের পর পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা মুখার্জি। ‘ব্রেকফেল’সিনেমায় দুজনেরই প্রেমের ব্রেকফেল হয়। তখন স্বস্তিকার স্বামী প্রমিত সেন মামলা দায়ের করেন পরমব্রতের বিরুদ্ধে। শুরু হয় তাদের সম্পর্কের টানাপোড়েন। পরবর্তীতে বিচ্ছেদ ঘটে পরম-স্বস্তিকার। তারপর পরমব্রত ব্রিস্টলে চলে যান। যাওয়ার কিছু দিন পরই আইক স্কাউটেনের সঙ্গে ডেট করতে শুরু করেন পরমব্রত।
বিক্রম-পাওলি : ক্যারিয়ারের শুরুটা ভালো ছিল না অভিনেতা বিক্রমের। এ সময় তাকে অনেক সাহায্য করেছেন পাওলি দাম। আর তা স্বীকারও করেন বিক্রম। পাওলিকে তিনি বলতেন ‘মেন্টর’। যিনি বিক্রমকে অভিনয় শিখিয়েছেন। পাওলি-বিক্রমের কিছু সিনেমা টলিপাড়ায় বেশ হৈ-চৈও ফেলেছিল। কিন্তু অজানা কারণেই তাদের প্রেমের সম্পর্কের ইতি ঘটে।
সৃজিত-স্বস্তিকা : টলিউডের আরেক গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। তিনিও স্বস্তিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। শোনা যায়- সৃজিত এই সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিলেন। এতটাই যে স্বস্তিকাকে দেখতে ‘বসন্ত উৎসব’ সিনেমার সেটে শান্তিনিকেতনেও গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কে ইতি ঘটে। তবে কী কারণে তারা সম্পর্কের ইতি টেনেছিলেন তা এখনো জানা যায়নি।
সূত্র:risingbd.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.