সাম্প্রতিক....
Home / জাতীয় / এরশাদের নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ

এরশাদের নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ

নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।

৭ মে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ৫৮টি দল মিলে ‘সম্মিলিত জাতীয় জোট’ (ইউএনএ) নামে নতুন এ রাজনৈতিক জোটের ঘোষণা দেন এরশাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এ জোটের চেয়ারম্যান হলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জোটের মুখপাত্র করা হয়েছে। নতুন এ জোটে জাতীয় পার্টি ছাড়াও দুটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

জোটে জাতীয় পার্টির সঙ্গে থাকা অন্য দলগুলোর মধ্যে রয়েছে- আল্লামা এমএম মান্নানের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুকের নেতৃত্বাধীন জাতীয় ইসলামী মহাজোট এবং সেকান্দার আলী মনির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট।

নতুন জোটের ঘোষণা দিয়ে এরশাদ বলেন, ‘রাজনৈতিক নীতি ও আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ তথা সব ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের অনুসারী এবং ধারক ও বাহক। আমাদের অঙ্গীকার আছে, এই জোটে কোনো স্বাধীনতাবিরোধী শক্তির জায়গা হবে না।’

এরশাদ বলেন, জোট গঠনের জন্য তারা দুইভাবে জোটের শরিক নির্বাচনের নীতি গ্রহণ করেছেন। যেসব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তারা সরাসরি জোটের শরিক হিসেবে থাকবে। যেসব দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বা কিংবা নিবন্ধিত হওয়ার অপেক্ষায় আছে, তাদের সমন্বয়ে মোর্চা বা জোট গঠন করে সেই জোটকে শরিক হিসেবে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরশাদ দাবি করেন, জোটের বাইরে থাকা আরও দুইটি নিবন্ধিত দলের সঙ্গে তাদের কয়েক দফা বৈঠক হয়েছে। তারাও জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এরশাদ বলেন, জাতীয় পার্টির পক্ষে তিনি, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মান্নান, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ও বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী নতুন জোটের ঘোষণাপত্রে সই করেন।

এর আগে নাম ঘোষণা উপলক্ষে জাতীয় পার্টির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবে এসে উপস্থিত হন।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.