অভিনয়ই ইলিয়াস কাঞ্চনের পেশা। কিন্তু ‘নিরাপদ সড়ক চাই’ নামে সামাজিক আন্দোলন নিয়ে তাকে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে, নিয়মিত অভিনয় থেকে তাকে কিছুটা দূরেই থাকতে হয়।
এই সময়ের মধ্যে আবার নতুন চলচ্চিত্র পরিচালনা করাও যেন তার জন্য বেশ সময়সাপেক্ষ ব্যাপারও বটে। কিন্তু এভাবে দেখতে দেখতে চলচ্চিত্র পরিচালনা থেকে নিজেকে পাঁচ বছর দূরে রেখেছিলেন।
আবার ভালো গল্পেরও অনুসন্ধানে ছিলেন তিনি মনে মনে। মনের মতো একটি গল্প এবার পেয়েও গেছেন তিনি। তাই পাঁচ বছর পর আবারো নতুন চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়ক ইলিয়াস কাঞ্চন।
ওশান গ্রুপের প্রযোজনায় আসছে চলচ্চিত্রটি। জানুয়ারি মাস থেকে কাঞ্চনের নির্দেশনায় নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা জানালেন তিনি।
৩০ নভেম্বর রাতে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই সম্পর্কিত সাউথ ইস্ট এশিয়া রিজনের ১১টি দেশের একটি সম্মেলনে অংশ নিতে জাকার্তা গেছেন। সেখান থেকে ফিরবেন তিনি ৫ ডিসেম্বর। আবার ৭ তারিখ মেয়ে ইমা, নাতনী আরশিয়া মেহজাবিন এবং মেয়ের জামাই আরিফকে দেখতে লন্ডনে যাবেন।
সেখান থেকে ২২ ডিসেম্বর দেশে ফিরে কাঞ্চন তার নতুন পরিচালনার চলচ্চিত্রের সব কিছু চূড়ান্ত করবেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে, আসছে বছরের জানুয়ারিতেই তার নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হবে এবং চলচ্চিত্রের প্রধান একটি চরিত্রে তিনি নিজেও অভিনয় করবেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, এর আগে যে দুটি চলচ্চিত্র আমি নির্মাণ করেছি তাতে যেমন সমাজের জন্য ম্যাসেজ ছিল। আমার নতুন চলচ্চিত্রটিতেও ঠিক তেমনি ম্যাসেজ থাকবে।
ওশান গ্রুপ পাশে থেকে আমাকে সহযোগিতা করতে আগ্রহী হয়ে ওঠায় আমি কাজটি সাহস নিয়ে করতে যাচ্ছি। সবার দোয়া চাই। ইলিয়াস কাঞ্চন প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ২০০৮ সালে বাবা আমার বাবা। এরপর ২০১০ সালে তিনি নির্মাণ করেন মায়ের স্বপ্ন।
আলমগীর কবিরের পরিণীতা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৮৬ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে ২০০৬ সালে তাকে যখন চাষী নজরুল ইসলাম পরিচালিত শাস্তি চলচ্চিত্রে পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার নিতে আহ্বান করা হয়, তখন সে পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেন।
এদিকে আসছে ৪ ডিসেম্বর মুক্তি পাবে তার অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এপার ওপার চলচ্চিত্রটি। সেন্সরে আটকে আছে তার অভিনীত বাংলার ফাটাকেষ্ট চলচ্চিত্রটি। এরই মধ্যে ইলিয়াস কাঞ্চন শেষ করেছেন দেবশ্রীর বিপরীতে হঠাৎ দেখা চলচ্চিত্রের কাজ।
–আরটিএনএনডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.