অনলাইন ডেস্ক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: আসাদুজ্জামানের আদালত অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। এরপর আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
একই বছর তারেক রহমান ও তার স্ত্রী আলাদা রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন তারা। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন।
তবে গত ১৩ এপ্রিল দুর্নীতি মামলা চলবে বলে রায় দেন আপিল বিভাগ। চলতি বছরের ১ জুন যা লিখিত আকারে প্রকাশ হয়। এদিন ২০০৮ সালে আদালতে আত্মসমর্পণ না করে কিভাবে হাইকোর্ট এ মামলা শুনলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন আপিল বিভাগ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.