
জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ-এর এক সময়ের প্রধান ভোকাল মিজান বেশ কিছুদিন একক সঙ্গীতের মাধ্যমে সঙ্গিতাঙ্গনে বিচরণ করছিলেন। এইবার তিনি ঘোষণা করলেন তার নিজস্ব ব্যান্ডদল “মহাকাব্য”। নতুন এই ব্যান্ড দল নিয়ে শ্রোতা মাতাতে আসছেন তিনি। সঙ্গে নিয়েছেন বাংলাদেশের অন্যতম লিড গিটারিস্ট জামানকে। এছাড়া গিটারিস্ট হিসেবে আছেন হিমেল। এছাড়া বেজ গিটারিস্ট হিসেবে আছেন রাজু, কি-বোর্ডে শাওন। ব্যান্ডের ড্রামসে থাকছেন সেতু।
ব্যান্ড দল মহাকাব্য নিয়ে মুঠোফোনে লিড গিটারিস্ট জামান সময় নিউজকে জানান, বর্তমানে বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের যে জোয়ার-ভাটা চলছে ঠিক সেই মুহূর্তে শ্রোতাদের কাছে ভিন্নভাবে নিজেদের তুলে ধরবেন তারা। মহাকাব্য রক ধাঁচের গানই গাইবে তবে যুগের সাথে তাল মিলিয়ে এবং বাংলাদেশের শ্রোতাদের চাহিদা মাথায় রেখেই ভিন্ন কিছু করার চেষ্টা করবে। সেক্ষেত্রে তারা নিরন্তর সংগ্রাম করে যাবেন যাতে বাংলাদেশে আবারো ব্যান্ড সঙ্গীত আগের সেই সোনালী সময়ের মতই প্রতিধ্বনিত হয়। ব্যান্ডের যে মৌলিক বাক্য দ্রোহ ভালোবাসা এবং বিচ্ছেদ একাকীত্ব এবং অবক্ষয় থেকে শুরু করে জীবনের ঐকতান সে সবই তুলে আনার চেষ্টা করবে মহাকাব্য। যাতে শ্রোতার মনে মণিকোঠায় যেনো মহাকাব্য গেঁথে যায়। এছাড়া আরো একটি বিষয়ে তারা সচেতন থাকবেন বলে জানান তা হলো কোনভাবেই কোন ভাঙ্গনে মহাকাব্য যেন হারিয়ে না যায়। তিনি জানালেন কেন ব্যান্ড দলে ভাঙ্গন ধরে তারা সে বিষয়ে ভালভাবেই অবগত। সেই সঙ্গে এই ভাঙ্গন শ্রোতাদের মনে যে দুঃখবোধের সৃষ্টি করে তা বিভিন্ন ভাবে প্রত্যক্ষ করেছেন তারা। ঠিক এ কারণেই দীর্ঘসময় নিয়ে তারা একসঙ্গে কাজ করেছেন। নিজেদের ভিতরের বোঝাপড়াগুলো ভালভাবে রপ্ত করেই তারা মহাকাব্যের জন্ম দিয়েছেন বলে জানালেন লিড গিটারিস্ট জামান।
মহাকাব্য সামনে শ্রোতাদের কি উপহার দিচ্ছে এমন প্রশ্নের উত্তরে জামান বলেন, আমরা নিয়মিত টিভিতে শো করছি সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কনসার্টও করছি। এর ফলে যেটা হচ্ছে শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগটা আরও বাড়ছে। এছাড়া নিজস্ব স্টুডিওতে অ্যালবামের কাজ চলছে। খুব তাড়াতাড়ি আমাদের অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও জি-সিরিজের ব্যানারে প্রকাশ করা হবে। মহাকাব্যের পথচলায় শ্রোতাদের কাছে দোয়া চাইলেন ব্যান্ড দলের সদস্যরা।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.