
বছর অপেক্ষার পর ‘জিরো’র ট্রেইলার মুক্তি পেল। গতকাল উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন তিন তারকা শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। অনুষ্ঠানে বলিউড বাদশা জানিয়েছেন, সালমান খান তাঁকে এই সিনেমাটি করতে বলেছিলেন।
সংবাদ সংস্থা পিটিআইকে শাহরুখ খান বলেন, ‘আনন্দ এল রাই যে অনেককে বলেছিলেন তা নয়, সালমান আমাকে ফোন করে বলেছিল, এই সিনেমাটি করো।’ ‘জিরো’ ছবিতে একটি ক্যামিও রোলে আছেন সালমান খান। ‘এই কারণেই সে এই গানটা করেছিল। ও এই সিনেমার একটা অংশ হয়ে থাকতে চেয়েছিল’, বলেন শাহরুখ।
গতকাল ছিল শাহরুখ-ভক্তদের জন্য বিশেষ দিন। একদিকে বলিউড কিং শাহরুখ খানের ৫৩তম জন্মদিন, অন্যদিকে এ দিন মুক্তি পায় শাহরুখ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জিরো’ ছবির ট্রেইলার। এর আগের দিন এ ছবির পোস্টার প্রকাশ করেন পরিচালক আনন্দ এল রাই।
ট্রেইলার উদ্বোধন অনুষ্ঠানে আনুশকা-ক্যাটরিনার চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে শাহরুখ খান বলেন, ‘এ ছবিতে এক মেয়ে সিরিব্রাল পালসি রোগে ভুগছে আর এক মেয়ের অসম্পূর্ণ আবেগ।’ শাহরুখ খান বামন চরিত্রে অভিনয় করেছেন, নাম বাওয়া সিং।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় শাহরুখ ক্রমাগত বলিউড ভাইজানের প্রশংসা করেন। বলেন, ‘সালমান একজন অসামান্য মানুষ। সালমান নিজে এসে বলেছিল, আমি এই সিনেমার অংশ হয়ে থাকতে চাই। ও খুবই ব্যক্তিত্ববান।’
শাহরুখ ও সালমান দীর্ঘদিনের বন্ধু। গুঞ্জন আছে, ২০০৮ সালে তাঁদের একবার মনোমালিন্য হয়েছিল। এর পরেও বহুবার বিভিন্ন পার্টিতে তাঁদের দেখা হয়েছে। শোনা যায়, ২০১৪ সালে সালমানের বোন অর্পিতা খান শর্মার বিয়েতে দুজনের মধ্যে ঝামেলা চুকে যায়।
সালমান-শাহরুখ একসঙ্গে ‘হাম তুমহারে হ্যায় সনম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘করণ অর্জুন’ প্রভৃতি সিনেমায় কাজ করেছেন। সালমান খানের ‘টিউবলাইট’ ছবিতে শাহরুখের ক্যামিও উপস্থিতি ছিল।
গতকাল ‘জিরো’র ট্রেইলার মুক্তি পায়। ২৪ ঘণ্টারও কম সময়ে ৩৩ মিলিয়ন দর্শক ট্রেইলারটি দেখেছেন।
শাহরুখ খান তাঁর বাওয়া সিং চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। অন্যদিকে মদারু নারী চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ক্যাটরিনা। আনুশকা শর্মা প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন, যাঁকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়।
এ ছবিতে সালমান ছাড়াও বিশেষ দৃশ্যে দেখা যাবে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী, কাজল, কারিশমা কাপুর, রানি মুখার্জিসহ অনেককে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.