
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারার খোঁজ নেই অনেক দিন ধরেই। শোবিজের কোন অনুষ্ঠানেও এখন আর আগের মত দেখা যায় না। শুরুর দিকটা মসৃণ না হলেও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। তার জনপ্রিয়তা যখন তুঙ্গে ঠিক তখনই বিয়ে করে শোবিজকে বিদায় জানিয়ে দেন এই নায়িকা। অসংখ্য ব্যবসা সফল ছবির নায়িকা এখন পুরোদস্তর ‘বাঙালি গৃহিনী’।
অনেকবার ফিরবেন বললেও আর ফেরা হয় নি তার। তার সেই সময়টাতে জনপ্রিয় আরও অনেক নায়িকা থাকলেও নিজের নাচ আর অভিনয় দিয়ে দর্শক মন জয় করে প্রথম সারিতে নিজের অবস্থা তৈরি করে নিয়েছিলেন এই নায়িকা। শাকিবের নায়িকা হয়ে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাসসহ প্রথম শ্রেণীর সব নায়িকার সঙ্গে পাল্লা দিয়ে হেঁটেছেন এবং ওই সময়ই একের পর এক হিট ছবিও উপহার দিয়েছেন এই সাহারা।
এখন সংসার নিয়েই তার পুর ব্যস্ততা। তবে সংসার নিয়ে ব্যস্ততার বাইরে সাহারা তার ‘সাহারা ফ্যাশন হাউজ’ নিয়েও বেশ ব্যস্ত। রাজধানীর পুলিশ প্লাজা এবং বনানীতে এর দুটি শো রুম রয়েছে। সব মিলিয়ে সংসার জীবন আর ফ্যাশন হাউজ নিয়ে সাহারা এখন পুরোদস্তুর ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও অভিনয়ে ফিরতে চেয়েছিলেন হৃদয়ের টানে। যে চলচ্চিত্র তাকে পরিণত করেছে একজন পূর্ণাঙ্গ নায়িকায়, সেই মাধ্যমে আরো রঙিন হবার ইচ্ছেটা ঠিকই ছিল। কিন্তু এখন আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। যতই দিন যাচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে সংসার ও কাজ নিয়ে।
শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাড়াও’র মধ্য দিয়ে ২০০৪ সালে চলচ্চিত্রে আগমন ঘটলেও তাতে বেশ একটা ভালো করতে পারেননি নায়িকা সাহারা। তবে পরে নিজের আকর্ষণীয় ফিগার, নাচ আর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন এই নায়িকা। পরবর্তীতে শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করে সফল হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শাকিবের বিপরীতে সবচেয়ে বেশি জুটি বেঁধে ছবি করেছিলেন সাহারা।
সাহারা অভিনীত চলচ্চিত্রগুলো হলো- ‘রুখে দাড়াও’, ‘ভাড়াটে খুনি’, ‘তোকে ভালো বাসতে হবে’, ‘নিষ্পাপ মুন্না’,‘সন্তানের মতন সন্তান’, ‘নষ্ট ছাত্র’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘ময়দান’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘সাথী হারা নাগিন’, ‘সাহেব নামে গোলাম’, ‘মাস্তান নাম্বার ১’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম কয়েদী’, ‘খোদার পরে মা’, ‘বিষাক্ত চোখ’, ‘ভালোবেসে বউ বানাবো’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘ডন নাম্বার ১’, ‘বস নাম্বার ১’, ‘বেশরম ছেলে’, ‘ঢাকা টু বোম্বে’, ‘জোর করে ভালোবাসা হয়না’ ইত্যাদি।
সাহারার প্রকৃত নাম নুরজাহান আক্তার রুনা। ২০১৫ সালে মাহবুব রহমান মনিরকে বিয়ে করেন সাহারা। এরপর থেকেই তাকে আর দেখা যায় নি। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে চেষ্টা করেন থাকার জন্য। কিন্তু কাজে আর ফেরা হয়নি। তিনি জানিয়েছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত পাই কিন্তু সব জায়গায় হয়তো যাওয়া হয় না তবে চেষ্টা করি। সিনেমার মানুষরা আমাকে ভুলেনি, সেটা আমি অনুভব করি। সেইসব ফেলে আসা দিনগুলো আমি এখন অনেক মিস করি।
সাহারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালো বাসতেই হবে’ এই ছবির পর আর তাকে বড় পর্দায় দেখা যায় নি। প্রায় চল্লিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা।
সূত্র:deshebideshe.com- ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.