বিদেশী দাতা সংস্থা ইউএনডিপি কর্তৃপক্ষ পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নের কথা বেড়ালেও বাস্তবে উন্নয়ন কর্মকান্ডগুলো দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, ইউএনডিপি কৃষকদের উন্নয়নের কথা বলে কিন্তু প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কখনো সহায়তা দেয় নাই। এমনকি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের কখনো একটি পয়সাও সাহায্য করেননি তারা। ইউএনডিপি পাহাড়ে মাঠের কাজের চেয়ে ট্রেনিং, মিটিং এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় করে থাকে বলে জানিয়ে প্রতিমন্ত্রী।
তাছাড়া মুষ্টিমেয় ব্যক্তি বিশেষ ছাড়া ইউএনডিপি’র গৃহিত প্রকল্পগুলো বাস্তব সম্মত নয়। মূলতঃ পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি দৃশ্যমান কোনো উন্নয়ন করেনি। শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনডিপি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, ইউএনডিপি জেলা ম্যানেজার খুশিরায় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য ক্যাসা প্রু, লক্ষী পদ দাশ, সিইয়ং ম্রো, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, বান্দরবান হর্টিকালচার সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম ভূইয়া’সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৬৬ জন প্রশিক্ষিত কৃষকের মাঝে সনদপত্র বিতরণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.