
প্রতিকী ছবি“
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় আবদুর রশিদ (৩২) নামে এক ডাব বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ডুলাহাজারাস্থ বাগান পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। ঘটনার পরপরই নিহত আবদুর রশিদের স্ত্রী পলাতক রয়েছে। আবদুর রশিদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সাফারি পার্ক সংলগ্ন বাগানপাড়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, নিহত আবদুর রশিদ পেশায় একজন ডাব বিক্রেতা। সে এলাকার বিভিন্ন বাড়ি থেকে খুচরা ডাব ক্রয় করে ষ্টেশনে বসে বিক্রি করে সংসার চালাতো। বিগত তিন মাস পূর্বে নিহত আবদুর রশিদ তার দ্বিতীয় স্ত্রী ও এক সন্তান নিয়ে সাফারি পার্ক সংলগ্ন বাগান পাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করছিল। দীর্ঘদিন ধরে তার দ্বিতীয় স্ত্রীর পিতার সাথে টাকা সংক্রান্ত বিষয়ে নিয়ে বিরোধ চলে আসছে।
বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজন আবদুর রশিদকে বাসায় খুঁজতে গেলে তার কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় বসতঘরের চালার বীমের সাথে তার ঝুলন্ত মৃতদেহ। তাৎক্ষণিক ভাবে স্থানীয় ইউপি সদস্য ও চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে থানার এস আই আতিকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে নিহত আবদুর রশিদের লাশ উদ্ধার করা হয়। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.