
অনলাইন ডেস্ক :
মাদক মামলায় টানা ২৮ দিন জেলবন্দি থাকার পর জটিল আইনি লড়াই শেষে জামিনে কারামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শনিবার (৩০ অক্টোবর) সকালেই ভারতের মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পান তিনি। জামিনের জন্য এক লাখ রুপির মুচলেকা দিতে হয়েছে। মেনে চলতে হবে আদালতের ১৪ দফা শর্ত। বলিউড অভিনেত্রী ও শাহরুখের বন্ধু জুহি চাওলা ওই মুচলেকায় সই করেন। তার জিম্মাতেই জামিন হয়েছে আরিয়ানের।

শাহরুখপুত্র আরিয়ান
আরিয়ান জেল থেকে বের হন সকাল ১০টা ৫৫ মিনিটে। সেখান থেকে সরাসরি বাসায় মা-বাবার কাছে যান তিনি।
মাদক মামলায় বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট আরিয়ানকে জামিন দেন। আরিয়ান ছাড়াও আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচারও এদিন জামিন হয়। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় শুক্রবার বাড়ি ফিরতে পারেননি আরিয়ান, ফেরেন শনিবার।
আদালত আরিয়ানের জামিন মঞ্জুরের পর এএনআইকে জুহি চাওলা বলেন, ‘আমি খুশি যে আরিয়ান বাসায় ফিরছে। আমাদের সবার জন্য এটি স্বস্তির।’
উল্লেখ্য যে, গত ৩ অক্টোবর মুম্বাইয়ের কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেন ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’-এর কর্মকর্তারা। দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাদক মামলায় মুম্বাই হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু আদালতের রায়ের কপি জেল কর্তৃপক্ষের হাতে এসে না পৌঁছনোয় শুক্রবারও আরিয়ানকে আর্থার রোডের জেলেই রাত কাটাতে হয়েছে। শুক্রবার তার জামিনের কপিতে সই করেন শাহরুখের দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেত্রী জুহি চাওলা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.