কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদল কর্তৃক অন্য গ্রুপের চোখ উৎপাটন করা দুই ডাকাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন পিটিয়ে জখম করা আবুল হোসেন প্রকাশ পাখী ডাকাতকে চিকিৎসা শেষে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে শুক্রবার। একই সাথে বদরখালীর শিপু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, চোখ উৎপাটন করা দুই ডাকাত লেদু ও সাদ্দামকে চমেক হাসপাতাল থেকে উন্নতর চিকিৎসার জন্য পুলিশ পাহারায় ঢাকা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাখী ডাকাতকে আদালতে পাঠানো হয়েছে। সে ডাকাতির চেষ্টা ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামী।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও শিপু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কামরুল আজম বলেন, হেলাল উদ্দিন শিপু হত্যা মামলায় পাখী ডাকাত এজাহার নামীয় আসামী। ওই হত্যার সঠিক তথ্য উদঘাটন না হওয়ায় পাখী ডাকাতকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে শিপু হত্যার পর দায়ের করা মামলা নিয়ে দিনদিন রহস্যের সৃষ্টি হচ্ছে। মায়ের চেয়ে মাশির দরদ বেশী হওয়ার ন্যায় বদরখালীর একাধিক প্রভাবশালী চক্র মাঠে নেমেছে আসন্ন ইউনিয়ন পরিষদ ও বদরখালী সমিতির নির্বাচনে সম্ভাব্য কয়েকজন প্রার্থীকে মামলার অজুহাতে এলাকা ছাড়া করে রাখতে। এছাড়া ওই চক্র শিপু হত্যাকে পুঁজি করে এলাকার নিরীহ অনেক মানুষকে হয়রানী করা অব্যাহত রাখায় বদরখালীর তিনটি পাড়ার অর্ধশতাধিক পরিবার এখন পুরুষ শূন্য। ওই পরিবারগুলোর নারীরা রাত আসলেই শংকা ও আতংকে ভোগে।
এই ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কামরুল আজম বলেন, এই মামলায় নিরিহ কোন লোক হয়রানীর শিকার হবে না। তদন্ত করে সঠিক তথ্য উদঘাটন ও প্রকৃত দোষীদের সনাক্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: মাসুদ আলম বলেন, শিপু হত্যা নিয়ে পুলিশ যথাযথ তদন্ত করছে। কোন নারীকে অহেতুক আতংকে ভোগতে হবে না। এরপরও এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.