
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
মিয়ানমারের তুমব্রু সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিজিপি। বিজিপি কর্মকর্তারা বলেছে সেখানে ব্রীজ নয়, মূলত কাটাঁতারের পিলার সংরক্ষণের জন্য কিছু স্থাপনা তৈরী করা হচ্ছে। তাদের উচিত ছিলো প্রতিপক্ষ বিজিবিকে আগে থেকে অবহিত করে কাজ শুরু করা, তা তারা করেনি। এ জন্য দুঃখ প্রকাশ করে বিজিপি কর্মকর্তারা আগামীতে এ ধরনের কর্মকান্ড শুরু করার আগেই বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি কর্তৃপক্ষকে জানানো হবে আশ্বস্থ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।
বিজিবি রিজিয়ন কমান্ডার মিয়ানমারের মংডুতে সীমান্ত বৈঠক শেষে বাংলাদেশ ফিরে বিকেলে টেকনাফ ট্রানজিট জেটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো জানান মাদক পাচার বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধ ও মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন অপাসারনে সমন্বিত অপারেশন চালানোর ব্যাপারে সম্মত রয়েছে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী।
২১ জানুয়ারি সোমবার সকালে ১১টা হতে বেলা ২টা পর্যন্ত মিয়ানমারের মংডু শহরে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি টিমের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান। মিয়ানমারে পক্ষে সম সংখ্যক প্রতিনিধি টিমের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার মিয়েন থও।
আলোচনা সভায় দু দেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ জোরদার করণ, যৌথ টহল জোরদার, মিয়ানমার সীমান্তের মাইন অপসারণ ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক সমন্বিত সহযোগিতা বিষয়ে ঐক্যমত পোষন করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান। এ ছাড়া দুদেশে আটক অপরাধীদের সাজা শেষে যাতে স্ব স্ব দেশে ফেরৎ আনা সহজ হয় সে জন্য আগে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য আদান প্রদান করাসহ ফলপ্রসু আলোচনা হয়েছে।
বিজিবি প্রতিনিধি টিমের অন্যান্য সদস্যরা হচ্ছেন বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এসএম বায়েজিদ খান, বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্ণেল মো: আসাদুজ্জামান, রামু ৩০ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্ণেল মো: জাহিদুর রহমান, আলীকদম ৫৭ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে.কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো: তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ, মেজর জিএম সিরাজুল ইসলাম।
মংডুতে বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি টিম বিকাল সাড়ে ৪ টার দিকে টেকনাফ ফিরে আসেন। এর আগে ২১ জানুয়ারি সোমবার সকাল ১০ টার দিকে টেকনাফ সীমান্তের নাফনদীতে অবস্থিত বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে নৌযান যোগে বাংলাদেশ প্রতিনিধি টিম মিয়ানমারের উদ্দ্যেশ্যে রওয়ানা দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.