সাম্প্রতিক....
Home / জাতীয় / যুক্তফ্রন্ট নেতাদের হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি: বি. চৌধুরী

যুক্তফ্রন্ট নেতাদের হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি: বি. চৌধুরী

যুক্তফ্রন্ট নেতাদের হেলিকপ্টার উড়তে না দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন জোটের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার জনসভায় যাওয়ার জন্য যুক্তফ্রন্ট নেতারা ও গণমাধ্যম কর্মীদের জন্য নির্ধারিত হেলিকপ্টার উড়তে না দেওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

৮ নভেম্বর, বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বি. চৌধুরী এ কথা জানান।

বি. চৌধুরী বলেন, ‘আজ সাতক্ষীরায় যুক্তফ্রন্টের উদ্যোগে জনসভা করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সাতক্ষীরায় আমাদের সম্ভাব্য প্রার্থী গোলাম রেজা যুক্তফ্রন্টের উদ্যোগে এই জনসভা করার বিশাল আয়োজন সম্পন্ন করেছিলেন। বৃহস্পতিবার সকালে আমাদের নেতৃবৃন্দ ও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকদের যে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার কথা ছিল, সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়তে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘যুক্তফ্রন্টের এই জনসভা নিয়ে সাতক্ষীরার মানুষের বিপুল উৎসাহ-উদ্দীপনা ছিল এবং তারা জনসভা সফল করার জন্য এগিয়ে এসেছিলেন। যুক্তফ্রন্টের উদ্যোগে ঢাকার বাইরে মফস্বল অঞ্চলে এটাই ছিল বিশাল গণসংযোগ এবং প্রথম জনসভা।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপে মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিয়েছিলন, দেশের যেকোনো জায়গায় বিরোধী দল হিসেবে আমরা গণসংযোগ ও সভা-সমাবেশ করতে পারব। আজকে দুঃখের বিষয়, আমাদের হেলিকপ্টারযোগে সাতক্ষীরার জনসভায় যোগদানের বিপক্ষে বাধা সৃষ্টির জন্য ঢাকা থেকে হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি, যে জন্য আমরা জনসভায় যোগ দিতে পারিনি।’

যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, ‘এটা নিশ্চিত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার এই জনসভা বন্ধ করার ব্যবস্থা করেছে। আমরা সরকারের এই গণতন্ত্রবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির পরিষ্কার বরখেলাপ। আমরা মনে করি, এই ওয়াদা ভঙ্গ সরকারের সদিচ্ছা বহন করে না। কোনোক্রমেই ভবিষ্যতে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের ঘটনা হলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হব।’

সূত্র:priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.