
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
একাদশ জাতীয় নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়ায় ৬টি জনবহুল স্থানে ভীতি ছড়াতে শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ, সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ১৫০জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে পেকুয়ায় থানায় মামলাটি রুজু করা হয়।
গত বুধবার রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার, পেকুয়া বাজারের উজানাটিয়া সিএনজি স্টেশন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে, সালাহউদ্দীন ব্রীজের পূর্ব পাশে, নন্দীর পাড়া স্টেশন ও মৌলভী পাড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে টইটং ইউনিয়নের হাজী বাজারের উত্তর পাশে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এসময় তারা একটি সিএনজি চালিত অটোরিকশাও ভাংচুর করে। এর পরপর পেকুয়া বাজারের উজানটিয়া সিএনজি কাউন্টারের হতে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্তরা গুলিবর্ষণ করতে করতে পশ্চিম দিকে চলে যায়। এসময় তারা ৩০-৪০রাউন্ড গুলিবর্ষণ করে।
এছাড়া একইসময় সালাহউদ্দীন ব্রীজের পূর্ব পাশে ১০-১৫ রাউন্ড, নন্দীর পাড়া স্টেশনে ১০-১৫ রাউন্ড, মৌলভী পাড়া ব্রীজের পূর্ব পাশে ১৫-২০রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এছাড়া একইসময় পেকুয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কোন যাত্রী দগ্ধ না হলেও গাড়ীটি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পেকুয়ায় ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর বলেন, আগামীকাল ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ভীতি ছড়াতে মূলত এ কান্ড ঘটিয়েছে। নির্বাচনকালীন সহিংসতা এড়াতে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবী জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভুইয়া বলেন, একযোগ ৬টি স্থানে এমন ঘটনা ঘটায় জড়িতদের হাতেনাতে ধরা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ৪টি পেট্রল বোমা উদ্ধার ও দুটি ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনমনে ভীতি ছড়াতে এসব ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় ১৫০জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.