সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / সরকারি অনুদান পাচ্ছেন ৮ নির্মাতা

সরকারি অনুদান পাচ্ছেন ৮ নির্মাতা

২০১৮-১৯ অর্থবছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদানপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছে। গত বুধবার (২৪ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, চলতি বছর ৮ জনকে এবার চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে।

তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুদানের জন্য চলচ্চিত্র আহ্বানের পর অসংখ্য চলচ্চিত্রের চিত্রনাট্য জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে পূর্ণদৈর্ঘ্য, শিশুতোষ ও প্রামাণ্যচিত্র মিলিয়ে এবার মোট ৮টি চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে।

এই ছবিগুলোর নির্মাতার তালিকায় আছেন প্রখ্যাত অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর নাম। তিনি অনুদান পেয়েছেন ‘এই তুমি সেই তুমি’ নামের চলচ্চিত্রের জন্য।

এ ছাড়া অনুদানপ্রাপ্ত অন্যরা হলেন, আকরাম খান ‘বিধবাদের কথা’, মীর সাব্বির ‘রাত জাগা ফুল’, হূদি হক ‘১৯৭১ সেইসব দিন’ ও হোসেন মোবারক রুমী ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। এবার একটি পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্রের জন্যও অনুদান দেওয়া হয়েছে। ‘নসু ডাকাত কুপোকাত’ নামের চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন আবু রায়হান মো. জুয়েল। এ ছাড়া অনুদান পেয়েছে দুটি প্রামাণ্যচিত্র। এগুলো হলো হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’ ও পূরবী মতিনের ‘মেলাঘর’।

এবারে প্রথম অনুদান পেলেন মীর সাব্বির ও হূদি হক। মীর সাব্বির বলেন, ‘নিজের চিত্রনাট্য ও পরিচালনায় প্রথম ছবি সরকারের অনুদানে নির্মাণ করতে পারছি, এটা আমার জন্য দারুণ এক পাওয়া। আশা করছি দর্শকদের একটি ভালো গল্পের ছবি উপহার দিতে পারব।

হূদি হক বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতার জন্য এটা দারুণ এক সংবাদ। ভীষণ ভালো লাগছে।’ সরকারি অনুদান হিসেবে ‘নসু ডাকাত কুপোকাত’, ‘বিধবাদের কথা’ ও ‘রাত জাগা ফুল’ প্রতিটি ছবি পাবে ৬০ লাখ টাকা করে। ‘১৯৭১ সেইসব দিন’, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ও ‘এই তুমি সেই তুমি’ এই তিনটি ছবি পাচ্ছে ৫০ লাখ টাকা করে। আর প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া হচ্ছে ৩০ লাখ টাকা।

প্রসঙ্গত, ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি অনুদানের প্রথা চালু হয়। এরপর থেকে প্রতি বছরই সরকারি অনুদানে সিনেমা নির্মিত হয়েছে।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.