প্রেমিক হিশাম চিশতীকে গত বছরের ৬ মে বিয়ে করেন ঢাকাই সিনেমার অন্যতম পরিচিত নায়িকা তমা র্মিজা। সম্প্রতি দুবাই থেকে হানিমুন সেরে এসেছেন তারা। তারপরই হঠাৎ তমা ও হিশাম চিশতির ফেসবুক আইডি থেকে বিচ্ছেদের স্ট্যাটাস আসে। মুহূর্তে আলোচনা শুরু হয় এ দম্পতিকে নিয়ে।
পরে, বিষয়টি পরিষ্কার করেন তমা মির্জা। ফেসবুকে তিনি লিখেন, ‘সবাই নিশ্চয় খুব অবাক হয়েছেন কাছাকাছি সময়ে আমার আর আমার হাজব্যান্ডের ফেসবুক স্ট্যাটাস দেখে! হওয়ারই কথা! আমরাও দুজন খুব অবাক হয়েছি! পরে বুঝতে পারলাম, আদতে কোনও দুষ্কৃতকারী আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছেন!’
সম্প্রতি সময়ে মোবাইল ফোনে আলাপ হয় এ অভিনেত্রীর সঙ্গে। আলাপকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী বলেন, ‘এখন শ্বশুরবাড়িতে আছি। খুব ভালোভাবেই সংসার করছি। দোয়া করবেন আমাদের জন্য।’
বিচ্ছেদের স্ট্যাটাস প্রসঙ্গে তমা নিজেই বলেন, ‘আমার আর হিশামের ফেসবুকে পাসওয়ার্ড একই রকম ছিল। তাই বিপত্তি ঘটেছিল। আর যে ফেসবুক হ্যাক করেছিল সে হয়তো আমাদের পরিচিত কেউ হবে। অনেক দিন ধরেই আমাদের পেছনে শত্রু লেগে আছে। ওরা আমাদের সংসার ভাঙতে চায়। তবে যে যাই বলুন, আমরা দুজন একসঙ্গেই আছি।’
এ অভিনেত্রীর সংসার-প্রেম-বিচ্ছেদ নিয়ে কিছু গণমাধ্যমেও মুখরোচক সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। সেগুলো নিয়েও কথা বলেন তমা। তার ভাষায়, ‘আপনার যারা আমার কাছে মানুষ বা যারা আমাকে চিনেন, জানেন তারা সবাই আমার সঙ্গে কথা না বলে নিউজ করেন না। যারা বিভ্রান্তিমূলক নিউজ করে তারা আমার সঙ্গে কথা না বলেই করে। তবে আমি এই বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত না।’
নতুন কাজের খবর কী? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘নতুন কাজের প্রস্তাব এরই মধ্যে কয়েকটি পেয়েছি কিন্তু পরিবারের কথা চিন্তা করে সেগুলো ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। সবার আগে আমার নিজের এবং পরিবারের নিরাপত্তা দরকার। আমি এবং পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলাম। তাই এই মুহূর্তে কোনও কাজ করছি না। পরিস্থিতি ভালো হলে অবশ্যই করব।’
তমা মির্জা ২০১০ সালে ঢালিউডে পা রাখেন এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তারপর বেছে বেছে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ২০১৫ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
সূত্র:somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.