সাম্প্রতিক....
Home / জাতীয় / হারাতে বসেছেন সিদ্দিকুর

হারাতে বসেছেন সিদ্দিকুর

আহত সিদ্দিকুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় ২০ জুলাই বৃহস্পতিবার শাহবাগে সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমান মারাত্মকভাবে চোখে আঘাত পেয়েছেন। এই ঘটনায় পুলিশ বলছে, শিক্ষার্থীদের নিক্ষেপ করা ঢিল লেগেই সিদ্দিকুর আহত হয়েছেন। যদিও এক ভিডিওতে দেখা গেছে ভিন্ন দৃশ্য।

২২ জুলাই শনিবার সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার দুই চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা বলছেন, সিদ্দিকুরের চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আন্দোলনের জন্য শাহবাগ থানার পুলিশ তাদের আধা ঘণ্টা সময় বেঁধে দেয়। পুলিশের বেঁধে দেওয়া সময় পার হয়ে গেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করা হয়। এ সময় শাহবাগ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে।

আহত শিক্ষার্থীদের মধ্যে পুলিশের রাবার বুলেট সিদ্দিকুর রহমানের চোখে বিদ্ধ হয়েছে বলে দাবি করেন সহপাঠীরা।

তবে এ অভিযোগ অস্বীকার করে রাবার বুলেটের ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘ছাত্রদেরই নিক্ষেপ করা ঢিল সিদ্দিকুর রহমানের চোখে লাগে। এতে তিনি আহত হন। পুলিশের রাবার বুলেটে তিনি আহত হননি।’

ওসি আরও বলেন, ‘শিক্ষার্থীরা অনুমতি ছাড়াই রাস্তাঘাট বন্ধ করে অবস্থান নেয়। আমরা তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করি। তারা উত্তেজিত হয়ে যানবাহন ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করি।’

এছাড়াও বৃহস্পতিবার রাতেই অজ্ঞাতনামা ১ হাজার ২০০ শিক্ষার্থীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়। এজাহারে সিদ্দিকুর রহমানের আহত হওয়ার বিষয়ে বলা হয়, মিছিলকারীদের ছোড়া ফুলের টবের আঘাতে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের দুই চোখ জখম হয়।

তবে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যানার নিয়ে শাহবাগ থেকে কাঁটাবনমুখী সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন। তখন পুলিশের সদস্যরা গিয়ে তাদের ব্যানার কেড়ে নেন। এক পুলিশ সদস্য দৌড়ে এসে খুব কাছ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। এরপরই সিদ্দিকুর রহমান মাটিতে পড়ে যান। আহত সিদ্দিকুর রহমানের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার ঢাকেরকান্দা গ্রামে।

ঘটনায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলেও পরবর্তীতে তাকে দ্রুত আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। ওই হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার মনির সংবাদমাধ্যমকে বলেন, সকাল সাড়ে নয়টার শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে দুই চোখ অস্ত্রোপচার হয়েছে। সিদ্দিকুর রহমানের চোখের আলো ফিরে আসার সম্ভাবনা কম। বাকিটা পরে বলা যাবে।

সূত্র:নাজমুল হাসান শান্ত/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.