অনলাইন ডেস্ক :
১২ জনের বেশি ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পুলিশের হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সহিংসভাবে দমন করায় এই কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কপর্সের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর হোসেন মোদারেস খিয়াবানি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তা, ইসফাহান শহরের পুলিশ প্রধান। এছাড়া জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাতজন কারা কর্মকর্তা রয়েছেন ওই তালিকায়। ইরানের দুই গোয়েন্দা কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান এলাকায় গত ৩০ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮০ জন নিহত হওয়ার ঘটনায় সিস্তান ও বেলুচিস্তানের গভর্নর খিয়াবানিকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
নরওয়েভিত্তিক মানবাধিকার দল হেনগো বলছে, আমিনির মৃত্যুর ৪০তম দিন পালনের সময় হাজার হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালান নিরাপত্তাকর্মী। এরপরই এ নিষেধাজ্ঞা জারি হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানান, ইরানের নীতি পুলিশের হেফাজতে ২২ বছরের মাহসা আমিনির মৃত্যুর ৪০ দিন পার হয়েছে। তারা আমিনির পরিবার ও ইরানের জনগণের জন্য শোক এবং তাদের সঙ্গে একাত্মতা জানান। যুক্তরাষ্ট্র ইরানের জনগণের পাশে থাকতে ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.