মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে কাটা রাইফেলসহ পুলিশের সোর্স আটক হয়েছে। এসময় অপর এক সোর্স পালিয়ে যায়। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, শুক্রবার রাতে মহেশখালী এলাকার জমির থানায় খবর দেয় চকরিয়া পৌরসভার সীমান্তবর্তী ফাঁসিয়াখালী ৭নং ওয়ার্ডস্থ জনৈক প্রবাসীর দেয়া ভাড়া বাসায় অবৈধ অস্ত্র রয়েছে। এ খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম, অপারেশন অফিসার দেবাশীষ সরকার, এসআই মো: আলমগীরসহ একদল পুলিশ নিয়ে অভিযান চালায়। ওই বাড়ি ঘেরাও করার সাথে সাথে দুইজন সোর্সের মধ্যে একজন বাড়ি থেকে ঢুকেই চিৎকার দিয়ে বলে অস্ত্র পেয়েছি। এসময় ঘটনা নিয়ে পুলিশের সন্দেহ জাগলে পাশে থাকা অপর সোর্স পালিয়ে যায়। ঘরে ঢুকে কাটা রাইফেলসহ আটক করি অস্ত্র উদ্ধার করা সোর্সকে।
পুলিশসহ বিভিন্ন সূত্র জানায়, মহেশখালীর বাসিন্দা ফয়েজুল কাদের ও জমির উদ্দিনের সাথে চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই চিংড়ি ঘের একা ভোগ করতে ফাঁদ পাতে জমির। ফয়েজুল কাদের দ্বিতীয় স্ত্রীর সাথে চকরিয়ার ভাড়া বাসায় অবস্থান করছে খবর পেয়ে মোর্শেদকে সাথে নিয়ে জমির অবৈধ অস্ত্রের ঘটনাটি সাজায়। কিন্তু পদে পদে ত্রুটি দৃশ্যায়িত হওয়ায় ফাঁদ পাতার ঘটনা বুঝতে পারে পুলিশ।
এসময় পলিথিনে মোড়ানো কাটা রাইফেলসহ আটক করা হয় চকরিয়ার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার জহির আহমদের ছেলে মোর্শেদ আলম (২৮)কে। পালিয়ে যাওয়া তার সহযোগী মহেশখালীর নলবিলাস্থ বড়ুয়াপাড়ার মোহাম্মদ শফির ছেলে জমির উদ্দিন (২৩)। মোর্শেদ ও জমিরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শনিবার বিকালে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.