
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
শরতের আকাশে ছোট ছোট শ্বেতশুভ্র মেঘের ভেলা। নদীর ধারে কাশবনে বাতাসে দুলছে কাশফুল। আবার মাঝে মাঝে সাদা মেঘ কালো হয়ে বৃষ্টি রূপে ঝড়ছে ধরণীতে। এ যেন রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। আসন্ন ১৫ অক্টোবর সোমবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিন ব্যাপী দুর্গোৎসব। ফলে প্রতিমা তৈরির কারীগর দের চোখে এখন নির্ঘুম রাত। তারা যথাসময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্তমুখর সময় কাটাচ্ছে। ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে বললেই চলে। প্রতিমার কাঠামো বানানোর কাজ শেষ হলেও সাজ-সজ্জা ও রং করা বাকি রয়েছে। এখন চলছে তুলির শেষ আঁচড়ের কাজ।
কক্সবাজার জেলা সদরের ঈদগাঁওতে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরির জন্য ইউনিয়নের পালপাড়া, হরিপুর, কালিবাড়ি, হিন্দু পাড়ার বিভিন্ন পূজা মন্ডপে দূরদুরান্ত থেকে কারীগর ভাড়া করে এনে হাজার হাজার টাকা ব্যয় করে প্রতিমা তৈরী করে যাচ্ছে আয়োজকরা।
প্রতিমা কারীগরদের মতে, তারা মাসাধিক ধরে প্রতিমা তৈরী শুরু করেন। যেসব প্রতিমা ফরমায়েশ দিয়ে তৈরী হয় সেগুলোর ফরমায়েশ আষাঢ়-শ্রাবণ মাসের মধ্যেই নিয়ে ফেলেন তারা। তারপর শুরু হয় শিল্পীর হাতে প্রতিমা গড়ার কাজ।
কারীগরের মতে, তাদের আদি বাস ভূমি চট্টগ্রামের পটিয়ায়। বংশ পরম্পরায় তার বাবার হাত ঘুরে এখন তিনি প্রতিমা বানানোর কাজ করছেন। বাপ-দাদাদের কাছ থেকেই প্রতিমা বানানো শিখেছেন। এখনো মূল পেশা হিসেবে এটিকে আটকে ধরে রেখেছেন। সারাবছর বিভিন্ন পূজার প্রতিমা বানিয়ে সংসার চালান।
তবে কর্মরত অন্য কারীগরদের মতে, বেশিরভাগ সময়ই তাদের শ্রমের সঠিক মূল্য দেয়া হয়না। শুধুমাত্র ভালোবেসেই তারা এখনো এ পেশায় আছেন। কিন্তু দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এরই সাথে কুলিয়ে উঠতে পারছেনা তারা।
এদিকে বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট অশোক আচায্যে এ প্রতিবেদককে জানান, এ বছরও আগামী ১৫ অক্টোবর থেকে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উৎসবে আইন শৃঙ্খলা বাহিনীর সাবির্ক সহযোগীতা কামনা করেন তিনি।
এদিকে সদর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি জানান, বৃহত্তর ঈদগাঁওতে ২১টি প্রতিমা পূজা, ৬টি গঠ পুজা অনুষ্ঠিত হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.