এবার আর ভুল করেনি বার্সেলোনা। শনিবার সেভিয়াকে তাদের মাঠেই ৫-০ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে মেসি-ইনিয়েস্তারা। সেইসঙ্গে ৮০ বছরেরও বেশি সময়ের পর প্রথম দল হিসেবে টানা চারবার কোপা দেল রের শিরোপা জয়ের ইতিহাস গড়ল বার্সেলোনা।
সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। একটি করে গোল করেছেন লিওনেল মেসি, ফিলিপে কোটিনহো এবং আন্দ্রেস ইনিয়েস্তা।
মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বার্সেলোনা। প্রথমার্ধের ১৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে প্রথম এগিয়ে যায় কাতালানরা।
ম্যাচের ৩১ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। এই উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই সেভিয়ার জালে আবারও বল জড়ান সুয়ারেজ। তার দ্বিতীয় গোলের সৌজন্যে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্নেস্তো ভালভার্দের দল।
দ্বিতীয়ার্ধেও গোল উৎসবে ভাসতে থাকেন স্প্যানিশ জায়ান্টরা। ৫২ মিনিটে গোল করেন বার্সেলোনার মাঝমাঠের প্রাণ আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে স্প্যানিশ মিডফিল্ডারের এটাই শেষ ফাইনাল। শেষটাতেও আলো ছড়ালেন তিনি। গোল করে ম্যাচ সেরার পুরস্কারটাও নিজের শোকেসে তুলে নিলেন বার্সেলোনার এই স্প্যানিশ প্লে-মেকার।
সেভিয়ার জালে শেষ পেরেকটি ঠুকে দেন ফিলিপে কোটিনহো। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান তারকা পেনাল্টিতে গোল করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
সূত্র:priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.