
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে একঘরে করে তোলার চেষ্টা কি সত্যিই নিতে পারে ভারত? সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ড প্রশাসকদের প্রধান বিনোদ রাই এমন ইচ্ছার কথা বললেও নানা প্রশ্ন উঠছে এ নিয়ে।
ভারতের ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন ‘দ্বিপাক্ষিক সিরিজে ভারত খেলে না পাকিস্তানের সঙ্গে। শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০০৬ সালে। কিন্তু পাকিস্তানকে বিশ্বকাপ বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করার প্রয়াস কতটা সফল হবে, তা নিয়ে আমার সন্দেহ আছে। এটা খুব বড় একটা ব্যাপার।’
বিশ্বকাপে পাকিস্তানের দুই খেলোয়াড়কে ভিসা না দিয়ে উল্টে ভারতই যে বিপাকে পড়েছে, সেই কথা মনে করিয়ে দিচ্ছেন সৌরভ। পাকিস্তানের দুই খেলোয়াড়কে ভিসা না দেওয়ায় ভবিষ্যতে অলিম্পিক কমিটির আওতায় থাকা যে কোনও খেলা আয়োজনের ক্ষেত্রেই সমস্যায় পড়ে গিয়েছে ভারত।
কোনও অলিম্পিক খেলার বিশ্বমানের ইভেন্টই আর আয়োজন করার দায়িত্ব ভারত পাবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সৌরভ বলছেন, ‘কোনও দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ করতে পারে। সেটা তাদের হাতে রয়েছে। কিন্তু অন্য কোনও দেশকে নির্বাসিত বা একঘরে করাটা সেই খেলার নিয়ন্ত্রণ সংস্থার ওপরই নির্ভর করবে।’
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেসরকারি টেলিভিশনে তিনি একথা বলেছেন।
পুলওয়ামা জঙ্গি হানার জেরে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে তর্ক শুরু হয়েছে। সৌরভ, হরভজনের মতো সাবেকরা বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক ত্যাগ করা উচিত। আবার সুনীল গাভাস্কার এবং শচিন টেন্ডুকারের মতো কিংবদন্তিরা প্রকাশ্যেই বলেছেন, পাকিস্তানকে দুই পয়েন্ট উপহার দেওয়ার কোনও মানে হয় না।
শচিনদের মতে, বিশ্বকাপের ম্যাচ খেলে পাকিস্তানকে হারানোর চেষ্টা করা উচিত ভারতের। এ রকম আবহের মধ্যেই দুবাইয়ে বুধবার আইসিসির বৈঠক রয়েছে। সেখানে ভারতীয় বোর্ডের পাঠানো চিঠি নিয়ে কথাবার্তা হবে কি না, সেটাই দেখার। পুলওয়ামায় জঙ্গি হানার তীব্র নিন্দা করে ভারতীয় বোর্ড আইসিসি-কে এই চিঠিতে লিখেছে, যে দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা উচিত নিয়ন্ত্রক সংস্থার।
চিঠিতে পাকিস্তানের নাম করা হয়নি। শুধু এখানেই থেমে না থেকে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স) প্রধান বিনোদ রাই মন্তব্য করেছেন যে, ‘‘বর্ণবিদ্বেষের কারণে দক্ষিণ আফ্রিকাকে যেমন নির্বাসিত করা হয়েছিল সব ধরনের খেলাধুলা থেকে, পাকিস্তানকেও তেমনই একঘরে করে দেওয়া উচিত।’’ তবে রাই এমন দাবি জানালেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই নিয়ে আলোচনা করবে বলে খবর নেই।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.